রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রপতি এবং সরকারপ্রধান ও মন্ত্রীদের সঙ্গে সরকারি যোগাযোগ ও নথি উপস্থাপনের সময় তাঁদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।
নির্দেশনাটি সব মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দপ্তরে অনুসরণের জন্য পাঠানো হয়েছে। বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রধান তথ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পরিপত্রের কপি পাঠানো হয়েছে।