ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে মুখোমুখি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৈঠক শেষে নেতানিয়াহু বলেন, দুই দেশের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে পূর্ণাঙ্গ অংশীদারত্ব ও পারস্পরিক বোঝাপড়া রয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত প্রায় দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠককে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে বর্ণনা করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পও বৈঠকটিকে ‘খুব ভালো’ উল্লেখ করে জানান, এতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

Advertisement

ইসরাইলি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বৈঠকে নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, ইরান যদি ইসরাইলে হামলা চালায়, তবে ইসরাইল পাল্টা জবাব দেবে। তবে পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপর আস্থা রাখবে তেল আবিব।

বৈঠক শেষে ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, এটি কেবল আনুষ্ঠানিক বৈঠক ছিল না; বরং দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ অংশীদারত্ব, পারস্পরিক সমর্থন এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অভিন্ন লক্ষ্য নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন দুই নেতাই নিজ নিজ দেশে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। নেতানিয়াহু পুনর্নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে সমালোচনার মুখে রয়েছেন। অন্যদিকে ট্রাম্পও আগামী মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এবং মূল্যস্ফীতি নিয়ে অভ্যন্তরীণ চাপ মোকাবিলা করছেন।