গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মান নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘনের অভিযোগে দুই ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ সময় প্রয়োজনীয় সিএম (সার্টিফিকেশন মার্ক) লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়া পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন ও বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠান দুটিকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৩ জুলাই) বিএসটিআই গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ ব্যবস্থা নেওয়া হয়।
বিএসটিআই সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে ভান্নারা এলাকার কৃষিপণ্য ফিডস লিমিটেডে অভিযান চালানো হয়। সেখানে বৈধ সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়া পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন এবং বাজারজাতের প্রমাণ পাওয়ায় বিএসটিআই আইন, ২০১৮ ও ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
পরে মৌচাকের তেলিরচালা এলাকায় অবস্থিত জাপফা কমফিড বাংলাদেশ পিইটি লিমিটেডে একই ধরনের অনিয়ম ধরা পড়ে। প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পোল্ট্রি ফিড উৎপাদন ও বাজারজাত করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুতফুন্নেছা খানম। অভিযানে বিএসটিআই গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক ও অফিসপ্রধান এস. এম. তালাত মাহমুদ, সহকারী পরিচালক (মেট) মো. কাউসার আলী, সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
বিএসটিআই জানিয়েছে, বাজারে মানসম্মত ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে এবং আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।
গাজীপুরে দুই ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা