টানা ভারী বৃষ্টিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর-কুমারীদহ সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে দুই গ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, শুক্রবার (১০ জুলাই) রাত ৩টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত জেলায় ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয়দের ধারণা, এই ভারী বৃষ্টির কারণেই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) গভীর রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণের ফলে জয়রামপুর এলাকার কাঁঠালতলা মসজিদের পেছনের অংশে সড়কের নিচের মাটি ধসে যায়। একপর্যায়ে প্রায় ১৫ ফুট সড়ক ভেঙে পড়লে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সড়কটি ব্যবহারকারী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা এখন দীর্ঘ বিকল্প পথে যাতায়াত করছেন। এতে সময় ও পরিবহন ব্যয়—দুই-ই বেড়েছে বলে জানান এলাকাবাসী।
কুমারীদহ গ্রামের বাসিন্দা মসলেম আলী বলেন, রাতভর বৃষ্টির পর সকালে উঠে তারা দেখতে পান সড়কের একটি বড় অংশ ধসে গেছে। ফলে প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে তাদের অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে।
স্থানীয় দোকানদার কালু শেখ বলেন, প্রতিদিন বহু মানুষ এই সড়ক ব্যবহার করেন। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়েছে। দ্রুত সংস্কার না হলে ভোগান্তি আরও বাড়বে।
স্থানীয় বাসিন্দা আরিফুর ইসলাম মিলন বলেন, জয়রামপুর ও কুমারীদহ গ্রামের মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। দ্রুত সংস্কার না হলে বর্ষাকালে আরও বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
হাউলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন বলেন, সড়ক ধসের বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই সড়কটির বিভিন্ন স্থানে ভাঙনের ঝুঁকি দেখা দিলেও এখন পর্যন্ত স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তারা জরুরি ভিত্তিতে সড়কটি মেরামতের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও টেকসই অবকাঠামোগত সমাধানের দাবি জানিয়েছেন।