মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝের গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তিনটি মেছোবাঘের শাবক উদ্ধার করেছেন স্থানীয় কয়েকজন যুবক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কবরস্থানের পাশে কয়েকজন কৃষক শাবকগুলোকে ঘোরাফেরা ও খেলতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন যুবক সেখানে গিয়ে শাবক তিনটি উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, আশপাশের কোনো ঝোপঝাড় কিংবা গর্ত থেকে বের হয়ে শাবকগুলো কবরস্থানের পাশে চলে আসে। এ সময় শাবকগুলোর মা কাছাকাছি কোথাও থাকতে পারে বলেও ধারণা করছেন তারা।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া শাবকগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়া বা ছেড়ে দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। কর্মকর্তাদের প্রতিনিধি দল ঘটনাস্থলে এলে তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, শাবক উদ্ধারের বিষয়ে বক্তব্য জানতে মেহেরপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস টি হামিম হায়দারকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।