পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তুলতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন উন্নয়ন মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এসব পরিকল্পনা তুলে ধরা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. সিরাজুল ইসলাম সিরাজ এবং পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম।
কর্মশালায় পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সদস্য, পৌরসভার কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।
কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভবিষ্যৎ নগর উন্নয়নকে সামনে রেখে বিভিন্ন মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন করা হয়। এসব পরিকল্পনার আওতায় পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার পরিধি বাড়ানো, পরিকল্পিত নগর ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় পরিকল্পনাগুলো বাস্তবায়নে সম্ভাব্য প্রতিবন্ধকতা, বিদ্যমান সমস্যা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় বক্তারা বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি এর সুষ্ঠু বাস্তবায়ন, নাগরিক অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।