ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দক্ষিণাঞ্চলের আটটি ইউনিয়ন নিয়ে নতুন ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব জাতীয় বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস-সংক্রান্ত কমিটির (নিকার) সভায় অনুমোদন পেয়েছে। এ খবরে প্রস্তাবিত উপজেলার আটটি ইউনিয়নজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ইউনিয়নে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মিছিল বের করেন। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় এবং রঙ ছিটিয়ে উৎসব উদযাপন করতে দেখা যায়। বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটেছে নতুন উপজেলা অনুমোদনের মাধ্যমে। তাদের মতে, উপজেলা প্রতিষ্ঠিত হলে প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি সরকারি সেবার পরিধিও বাড়বে।
আনন্দ মিছিলে অংশ নেওয়া অনেকেই এ সিদ্ধান্তে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং গফরগাঁওয়ের সংসদ সদস্য জননেতা জনাব আক্তারুজ্জামান বাচ্চুর ভূমিকার কথা উল্লেখ করে ধন্যবাদ জানান।
এদিকে, দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করছেন। স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে নতুন উপজেলার কার্যক্রম শিগগিরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে।