‎‎গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক মামলায় তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং সড়ক পরিবহন আইনে ১০টি মামলায় মোট ৫ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

‎মঙ্গলবার (১ জুলাই) উপজেলার সোমবাজার, তুমলিয়া, ফুলদি ও বক্তারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা তিনটি মামলায় তিনজন আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

‎এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২ ধারায় যানবাহনের বিভিন্ন অনিয়মের দায়ে ১০টি মামলায় মোট ৫ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

‎অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।

‎উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণ, সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।