ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার আটটি ইউনিয়ন নিয়ে নতুন ‘আদর্শনগর’ উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার খবরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) কান্দিপাড়া বাজারে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনন্দমিছিলটি কান্দিপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নতুন উপজেলা গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গফরগাঁও উপজেলার পাঁচবাগ, উস্থি, লংগাইর, দত্তেরবাজার, মশাখালী, নিগুয়ারি, টাংগাব ও পাইথল ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের প্রক্রিয়া চলছে। প্রস্তাব অনুযায়ী, উপজেলার জনসংখ্যা হবে ২ লাখ ৩১ হাজার ৩০১ জন এবং আয়তন হবে ২৩৫ দশমিক ৪৬ বর্গকিলোমিটার। উস্থি ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় উপজেলা সদর স্থাপনের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, নতুন উপজেলা বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা জনগণের আরও কাছাকাছি পৌঁছাবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।