ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অবস্থানরত আঠারবাড়ী ইউনিয়নের শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট কমিউনিটি ঢাকাস্থ আঠারবাড়ী’-এর উদ্যোগে শনিবার (২৭ জুন) সহিলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি ও খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল ইসলাম ভূঁইয়া (মামুন)-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে এলাকার শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা এ ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আশিষ কুমার মোদক (এমবিবিএস, ডিএমইউ, সিএমইউ), জেনারেল প্র্যাকটিশনার; ডা. সাকিয়াতুল জান্নাত (এমবিবিএস), মেডিকেল অফিসার, প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল; এবং ডা. মনিসতা সরকার রুম্পা (এমবিবিএস), মেডিকেল অফিসার, প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল।

চিকিৎসকরা গাইনি, মা ও শিশু, মেডিসিন এবং চর্মরোগ সংক্রান্ত বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়াও ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং আগতদের মাঝে ব্লাড গ্রুপ কার্ড বিতরণ করা হয়।

আয়োজকদের তথ্যমতে, দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিশেষ করে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষেরা এ উদ্যোগের মাধ্যমে উপকৃত হয়েছেন।

আয়োজকরা জানান, সমাজের মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা আরও জানান, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর অনুপ্রেরণা ও উৎসাহ তাদের এ উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করেছে।

স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রামীণ এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।##