তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণে আজওয়া খেজুর গাছসহ বিভিন্ন জাতের চারা রোপণ করা হয়েছে।

চারা রোপণ করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম।

জানা গেছে, উপজেলা প্রশাসন,এলজিইডি অফিস ও কৃষি অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়নে চারা রোপন করা হচ্ছে। দেখা গেছে,তারাকান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আয়েশা আখতার এর তত্ত্বাবধানে বিভিন্ন এলজিইডির পাকা রাস্তা ও খালের দু পাশে চারা রোপন করা হচ্ছে।

কর্মকর্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যায় উপকার,সবুজের বার্তা এবং কল্যাণের এক অনন্য নিদর্শন।

এছাড়াও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬১টি প্রাথমিক বিদ্যালয় এবং ৫০টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন প্রজাতির ১ হাজার ৭শ’ ৩০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ,সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের আঙিনাকে আরও সবুজ ও সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে এ চারা বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।