মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর সফলভাবে শেষ করে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা অভিমুখে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফিরছেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ দূত ইউ শিয়াওয়ং।
জানা গেছে, বেইজিং-ঢাকা রুটে সরাসরি চলাচলকারী এই ফ্লাইটের যাত্রাসময় প্রায় পাঁচ ঘণ্টা। সে অনুযায়ী বাংলাদেশ সময় রাত ৮টার দিকে অথবা এর কিছু পরে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
এর আগে স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউথাই’ থেকে তাসিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা।
চার দিনের সফরে প্রধানমন্ত্রী প্রথমে মালয়েশিয়া এবং পরে চীন সফর করেন। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘সামার দাভোস’ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রীসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। সফরকালে দুই দেশের মধ্যে একাধিক সহযোগিতা ও সমঝোতার বিষয়েও অগ্রগতি হয়েছে।