ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালবিরোধী অভিযানে দুই নারীকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ জুন) দুপুরে ৫০ শয্যার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।

প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় রোগীদের বিভিন্নভাবে বিভ্রান্ত করা এবং অবৈধ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার অভিযোগে দুই নারীকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরশিহারী গ্রামের দিল রুবা সুলতানা (২৫) এবং সোহাগী ইউনিয়নের ভালুকবেড় গ্রামের পপি আক্তার (২২)।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশ-এর একটি দল।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, হাসপাতাল এলাকায় দালাল ও প্রতারক চক্রের তৎপরতা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।##