জামালপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মৌসুমি ফল বিতরণ করেছে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রবিবার (২১ জুন) দুপুরে শহরের বকুলতলা এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, প্রাইম ল্যাব স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এবং শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় এই ফল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে শহরের বিভিন্ন অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে মৌসুমি পুষ্টিকর ফল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ল্যাব স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম রাজন, প্রধান শিক্ষক এস এম নাসিব ইবনে মালেক রিকো, সিনিয়র শিক্ষিকা নার্গিস আক্তার, ইসমত আরা ইরা সহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ছোট ছোট এই উদ্যোগের মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।
শিক্ষকদের মতে, শিক্ষার্থীদের এমন উদ্যোগ কেবল সহায়তা কার্যক্রমই নয়, বরং এটি তাদের মধ্যে সমাজসেবা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ অনুশীলন।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ ধরনের মানবিক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হলে অসহায় মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
