জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২১ জুন) জামালপুর জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা মো. রিদওয়ান বারী তালুকদার এবং তাবিবুর হাসান তালুকদার।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল। অভিযানের সময় একটি বস্তার ভেতর থেকে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “মাদক ও চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তপথ ব্যবহার করে অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য পরিবহন বা বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
