জামালপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

শনিবার (২০ জুন) দুপুরে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আগে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ওয়ারেছ আলী মামুন বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলো সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কোনো বিএনপি নেতাকর্মী মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি সহিদুল হক খান দুলাল ও লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সমাজে মাদকের বিস্তার রোধে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সমাবেশ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।