নওগাঁ পৌরসভার উদ্যোগে দুটি আরসিসি সড়ক, ড্রেন ও ফুটপাত উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় নওগাঁ শহরের গোস্তহাটির মোড় থেকে নাপিতপাড়া মোড়, লাটাপাড়া এবং আরজি-নওগাঁ দপ্তরীপাড়া আকবরিয়া মসজিদ সংলগ্ন এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সেলিম রেজা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জামাল মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং রাজনৈতিক নেতাকর্মীরা।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দাদের অনুরোধে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন লাটাপাড়া, মধ্যেপাড়া, আনন্দনগর ও মৃধাপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদার কথা শোনেন।
সংসদ সদস্য ধলু বলেন, এলাকার ড্রেনেজ ও সড়ক অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধানে কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এ সময় লাটাপাড়ার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী বিভিন্ন উন্নয়ন দাবির কথা তুলে আসছেন। নতুন উদ্যোগগুলো বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, ঘোষিত উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধান হবে।
