সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আধুনিক সাংবাদিকতার সঙ্গে পরিচিত করে তুলতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে ময়মনসিংহের নান্দাইলে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১৩ জুন) নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সম্মেলনকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত চলবে। প্রশিক্ষণের মূল বিষয়বস্তু হিসেবে রয়েছে মাল্টিমিডিয়া জার্নালিজম, ফ্যাক্ট-চেকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক সংবাদ উপস্থাপন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি (জুম প্ল্যাটফর্মে) প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় সাংবাদিকদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে সহায়ক হবে।
প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয় ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল এবং প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ।
পিআইবি সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রথম দিনের সেশনে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা স্ট্রিম অনলাইনের প্ল্যানিং এডিটর জি এম মোস্তাফিজুল আলম।
পিআইবি কর্মকর্তারা জানান, অংশগ্রহণকারী সাংবাদিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই এবং মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে দক্ষ করে তোলাই এ প্রশিক্ষণের প্রধান লক্ষ্য। পাশাপাশি এআই-সহায়ক সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে মানসম্মত ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনে সহায়ক হবে।
