ময়মনসিংহের নান্দাইলে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রমজান আলী (২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দশধার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সারাদিন ইজিবাইক চালানোর পর রাতে বাড়িতে সেটি চার্জে দেন রমজান আলী। বৃহস্পতিবার সকালে চার্জার থেকে ইজিবাইকের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মৃত অবস্থায় পান।

স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ছেলেটির আয়ের ওপর তাঁর পরিবার নির্ভরশীল ছিল।

ঘটনার বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।”