ময়মনসিংহের নান্দাইলে পাসপোর্ট করতে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ফাঁদে পড়েন সিফাত আহমেদ (১৯) নামের এক ভুক্তভোগী। কোনো উপায় না পেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) সাঁড়াশি অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের নেতৃত্বে উপজেলা পরিষদের মসজিদ মার্কেটে ‘মামুন কম্পিউটার’ দোকানে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। ভুক্তভোগী সিফাত আহমেদ চন্ডীপাশা ইউনিয়নের বাসিন্দা।

অভিযানে জালিয়াতি চক্রের মূলহোতা দোকান মালিক রফিকুল ইসলাম বাদলকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় তার দোকান থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও নিকাহ রেজিস্ট্রারের (কাজী) ১৯টি ভুয়া সিল এবং বিপুল পরিমাণ জাল প্রত্যয়নপত্র উদ্ধার করা হয়। দোকানে থাকা তার কম্পিউটারে বিভিন্ন রকম জন্মসনদ, ভুয়া সার্টিফিকেট ও সীল,স্বাক্ষরের প্রমাণ পান। রফিকুল ইসলাম বাদল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের আব্দুল মন্নাছের পুত্র। সে শেরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক। এসময় পাশের লাকী স্টোর নামক দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভুক্তভোগী সিফাত জানান, জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ করে দেওয়ার নামে বাদল তার কাছ থেকে ৮ হাজার টাকা দাবি করেন। প্রথমে ৫ হাজার টাকা দিলে বাদল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড করে দেন। পরবর্তীতে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করতে গিয়ে সিফাত জানতে পারেন অনলাইনে তার এনআইডির কোনো অস্তিত্ব নেই। বিষয়টি মামুন কম্পিউটারের মালিক রফিকুল ইসলাম বাদলকে জানালে তিনি আরও টাকা দাবি করেন। পরে তিনি ইউএনও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

খোঁজ নিয়ে জানা গেছে- মামুন কম্পিউটারের মালিক রফিকুল ইসলাম বাদল এর আগেও ভুয়া রাজস্ব টিকেট ও সীল এবং জাল সার্টিফিকেট রাখার দায়ের র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছিল। এর পর কিছুদিন বন্ধ রাখার পর আবারও সক্রিয় হয়েছেন।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, ভুয়া জাতীয়পরিচয় পত্র (এনআইডি কার্ড) করে দেওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদলের দোকান থেকে ১৯টি সিল, চেয়ারম্যান সনদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া জাতীয়পত্র তৈরির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে।