চুয়াডাঙ্গার দর্শনায় মাদকদ্রব্যসহ দুই ইউনিয়ন পরিষদের এক সচিবসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) বিকেল পৌনে ৩টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকার শাপলা ক্লিনিকের সামনে একটি চায়ের দোকানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন—দর্শনা পৌরসভার মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে সাগর হোসেন (২০), চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে সাব্বির আহমেদ সোহাগ (২৯) এবং একই এলাকার ফাহিম মুনতাছির (৩৫)। ফাহিম মুনতাছির নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপারের নির্দেশনায় এসআই আমানত উল্লাহর নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আটক ব্যক্তিদের হেফাজত থেকে তিন বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে থাকা চায়ের দোকানের মালিক মিজানুর রহমান অভিযান টের পেয়ে পালিয়ে যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আটক তিনজনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।