চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে হাফসা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফসা একই গ্রামের মধ্যপাড়ার জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, সকালে হাফসা বাড়ির পশ্চিম পাশে একটি পুকুরসংলগ্ন এলাকায় খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে সে পুকুরের পানিতে পড়ে যায়। কিছু সময় পর তার বাবা বাজার থেকে বাড়ি ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, কাদামাটি নিয়ে খেলার সময় অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলে আশপাশে কেউ না থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কারও নজরে আসেনি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “ধান্যখোলা গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।