চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের বিএনপি নেতা মো. নজরুল ইসলামের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় হারদী বাজারে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলুর নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি মাগরিবুর রহমান এবং হারদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিনুল ইসলাম।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কেশবপুর গ্রামের বিএনপি নেতা মো. নজরুল ইসলামের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, এলাকায় রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। তাদের দাবি, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময়ে হামলা ও হয়রানির শিকার হয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শহিদুল কাউনাইন টিলু বলেন, হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করছে বিএনপি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে কয়েকজন বক্তা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, বিরোধ এবং সংঘর্ষের অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে তারা উল্লেখ করেন।

সমাবেশ থেকে কেশবপুর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের নিরপেক্ষ হস্তক্ষেপ এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এ সময় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।