চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সুবদিয়া এলাকায় একটি মোবাইল ফোন টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হযরত আলী আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর থানার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা সুবদিয়া এলাকায় অবস্থান নেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন হযরত আলীকে আটক করা হয়।
পরে তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি।
সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত গাঁজা চোরাচালানের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, জেলায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
