চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা নির্দেশনা দিয়েছি, যাতে আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে আগামী বছরের এসএসসি পরীক্ষার রুটিন ও সংশ্লিষ্ট বিষয়গুলোও ঘোষণা করা হয়েছে।”
সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষা বোর্ডগুলো বর্তমানে উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।