চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে এই মাদক চালান জব্দ করা হয়।
অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় জীবননগরগামী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকা থেকে জীবননগরগামী পূর্বাশা এসি পরিবহনের একটি বাসে অভিযান পরিচালনা করা হয়।
তল্লাশিকালে বাসের যাত্রী মো. আব্দুল্লাহ (৩১)-এর বহন করা একটি শপিং ব্যাগ থেকে ১৫টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৩ হাজার পিস কমলা রঙের অ্যামফিটামিনজাত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৩০০ গ্রাম।
গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলা-কলিপাড়া গ্রামের মৃত আরফান আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয় জানায়, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
চুয়াডাঙ্গার উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও আরও কঠোর ও ব্যাপক অভিযান পরিচালনা করা হবে।”
