বিদ্যুতের মূল্য সমন্বয়ের সাম্প্রতিক সিদ্ধান্তে দেশের প্রায় ৬৫ শতাংশ সাধারণ ও নিম্নআয়ের গ্রাহক অতিরিক্ত ব্যয়ের চাপের বাইরে থাকবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরকারের ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।
শনিবার সচিবালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা হিসেবে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বিদ্যুতের মূল্য সমন্বয় করেছে। তবে সরকারের লক্ষ্য ছিল নিম্নআয়ের জনগোষ্ঠীকে মূল্যবৃদ্ধির প্রভাব থেকে রক্ষা করা।
তার ভাষায়, নতুন কাঠামোয় তুলনামূলক বেশি বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ওপর বাড়তি ব্যয়ের চাপ পড়লেও অধিকাংশ প্রান্তিক ও সাধারণ গ্রাহক এই বৃদ্ধির আওতার বাইরে থাকবেন।
ব্রিফিংয়ে সরকারের পক্ষে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হয় এবং মূল্য সমন্বয়ের সিদ্ধান্তকে বর্তমান জ্বালানি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়।
