জামালপুরে সাপের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাপের কামড়ে হুমায়রা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের নাদাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ওয়াসিম উদ্দিন।

নিহত হুমায়রা ওই গ্রামের স্বপন মিয়ার মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি ঘরের ভেতর বিছানায় বসে মোবাইলে ভিডিও দেখছিল। এ সময় তার বাবা-মা দুজনই কাজে বাইরে ছিলেন। হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দিলে সে চিৎকার শুরু করে। চিৎকার শুনে দাদা এগিয়ে গেলে সে সাপের কামড়ের বিষয়টি জানায়।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।