সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিন (৪২) এবং মো. শাহীন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তারা ভারতের বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার গভীর রাতে বসন্তপুর সীমান্তসংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, আহত দুই ব্যক্তি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা নতুন নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি সীমান্তবর্তী জনপদে উদ্বেগ সৃষ্টি করছে।
উল্লেখ্য, সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের দাবিতে বিভিন্ন মানবাধিকার সংগঠন দীর্ঘদিন ধরে সোচ্চার রয়েছে।
