চুয়াডাঙ্গায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চার মোটরসাইকেল চালককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় পৌঁছালে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে দুটি মোটরসাইকেলে সাইলেন্সার না থাকায় বিকট শব্দ সৃষ্টি হচ্ছিল এবং অপর দুটি মোটরসাইকেলের বৈধ নিবন্ধন (রেজিস্ট্রেশন) ছিল না। এসব অপরাধে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

চুয়াডাঙ্গা ট্রাফিক বিভাগের সার্জেন্ট রফিকুল ইসলাম বলেন, “সড়কে উচ্চ শব্দ সৃষ্টি এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন চালানো ট্রাফিক আইনের লঙ্ঘন। অভিযানে চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।”

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, “খেলাধুলা ও দলীয় সমর্থনের আবেগ থাকতেই পারে, তবে সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে আইন মেনে চলতে হবে। নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

পুলিশ জানিয়েছে, সড়কে শব্দদূষণ, বেপরোয়া যানচালনা এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল পরিচালনার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।