ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিশুর প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে সুজন মিয়া (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

অভিযুক্ত সুজন মিয়া উপজেলার একটি গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং ঈদের ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মোবাইল ফোনের জন্য মিনিট কার্ড কিনতে পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী, দোকান থেকে ফেরার পথে শিশুটিকে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে অনাকাঙ্ক্ষিত আচরণের চেষ্টা করা হয়।

এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র পাল জানান, “ঘটনার বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”