চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে আম খাওয়ার সময় শ্বাসনালীতে আটকে শহিদুল ইসলাম (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার ভাংবাড়ীয়া পশ্চিম পাড়ায় নিজ বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম ওই এলাকার মৃত বদর উদ্দিন মন্ডলের ছেলে। তিনি এলাকায় সবার অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ ছিলেন।
জানা গেছে, শনিবার সকালে নিজ বাড়িতে পাকা আম খাচ্ছিলেন শহিদুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত আম শ্বাসনালীতে আটকে যায়। এতে মুহূর্তের মধ্যে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় এবং ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জানান, খোঁজ নিয়ে জেনেছি, আম খাওয়ার সময় গলায় আটকে যায়। পরে পানি খেতে গেলে শহিদুল ইসলাম মারা যান।