আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় ছুটি শুরু হওয়ায় ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। সোমবার দুপুরের পর থেকেই শ্রমিক ও বিভিন্ন পেশার মানুষ দেশের বিভিন্ন জেলায় বাড়ির উদ্দেশে রওনা দিতে দেখা গেছে। এতে বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যাত্রীদের ভিড় বেড়েছে।
শিল্পাঞ্চল পুলিশ-১ সূত্র জানিয়েছে, সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় তৈরি পোশাক শিল্পসহ মোট ১ হাজার ৭০৫টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সোমবার প্রায় ৩১ শতাংশ কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। ধাপে ধাপে আরও কারখানা বন্ধ হলে যাত্রীচাপ আরও বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।
সোমবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা সড়ক এ বড় ধরনের যানজট না থাকলেও নবীনগর, বাইপাইল ও বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে। এদিকে যাত্রীদের অভিযোগ, অনেক পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং অগ্রিম টিকিট কেটেও নির্ধারিত সময়ে বাস পাওয়া যাচ্ছে না।
ঘরমুখো যাত্রীরা জানিয়েছেন, স্বাভাবিক সময়ের তুলনায় অনেক ক্ষেত্রে দ্বিগুণ পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। পটুয়াখালীগামী এক যাত্রী জানান, টিকিটের দাম স্বাভাবিকের চেয়ে বেশি নেওয়া হয়েছে। অন্যদিকে রাজবাড়ীগামী এক যাত্রীর অভিযোগ, ভাড়া দ্বিগুণ নেওয়া হলেও তদারকি কম। তবে সাভার হাইওয়ে থানা র ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান মিয়া বলেছেন, এখন পর্যন্ত কোথাও দীর্ঘ যানজট সৃষ্টি হয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।