২০২৫-২০২৬ অর্থবছরে গফরগাঁও উপজেলার শ্রেষ্ঠ ভূমি করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস আয়োজিত ভূমিসেবা মেলা ও আলোচনা সভায় ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুর হাত থেকে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করেন।

সারা দেশের ন্যায় গফরগাঁও উপজেলাতেও ভূমিসেবা মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এন.এন. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মশিউর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা ইসমাঈল হোসেন সোহেল গফরগাঁও আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বর্তমান সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীলতা, সততা ও নিয়মিত কর পরিশোধের স্বীকৃতি হিসেবে তিনি এবার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছেন।

আয়োজকরা জানান, রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ, জবাবদিহিতা ও নাগরিক সচেতনতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। বক্তারা বলেন, কর প্রদানে এমন ইতিবাচক দৃষ্টান্ত সমাজের অন্যদেরও উদ্বুদ্ধ করবে।