ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে তারাকান্দা-ধোবাউরা সড়কের পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে মোতাহার হোসেন তালুকদার বলেন, “এই সড়কটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের ভোগান্তির কারণ ছিল। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় তদবির করেছি। অবশেষে কাজটি শুরু হওয়ায় জনগণের সাথে আমি আনন্দিত।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,যুগ্ম আহবায়ক কাজি আব্দুল বাতেন,রাকিব তালুকদার,তারাকান্দা উপজেলা ওলামা দলের আহবায়ক আতিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী এলজিইডি ও ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি বৃন্দ।
তারাকান্দা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, সড়কের প্রায় ৪ কিলোমিটার অংশ পুনঃনির্মাণ কাজ বাস্তবায়ন করবে মেসার্স সাইফুল ইসলাম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা।
এদিকে স্থানীয় ভুক্তভোগীরা সড়কটির দ্রুত সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।
বারুইপাড়া এলাকার বাসিন্দা রায়হান বলেন,”বছরের পর বছর এই রাস্তার কারণে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্ষা মৌসুমে কাদা আর পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে যেত। এখন কাজ শুরু হওয়ায় আমরা খুবই খুশি। তিন ধাপে তারাকান্দা থেকে ধোবাউরা পর্যন্ত পুরো সড়ক পুনঃনির্মাণ করা হবে, যার প্রথম ধাপ শুরু করা হলো।