কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোকাহত দেশের বিনোদন অঙ্গন। সহকর্মী, শিল্পী ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখরা গভীর শোক প্রকাশ করে স্মরণ করছেন তাকে।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে কারিনার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তিনি জানান, ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা।

শোকবার্তায় কায়সার হামিদ লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় মেয়ে কারিনা কায়সার আমাদের ছেড়ে চলে গেছে।”

তিনি আরও বলেন, জীবদ্দশায় কারিনার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবাই যেন তাকে ক্ষমা করে দেন। পাশাপাশি এই কঠিন সময়ে যারা পরিবারের পাশে ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের বার্তা দিতে থাকেন তার সহকর্মীরা। অভিনেত্রী তাসনিয়া ফারিণ এক পোস্টে লেখেন, “তার মধ্যে এক অন্যরকম আলো ছিল। কোনো ঘরে ঢুকলেই তার হাসিমাখা উপস্থিতি সবাইকে আকৃষ্ট করত। শান্তিতে ঘুমাও কারিনা। পৃথিবী তোমার জন্য খুব কঠিন ছিল।”

অভিনেত্রী সাদিয়া আয়মান কারিনার সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের স্মৃতি তুলে ধরে লেখেন, মাত্র এক মাস আগেও কারিনা তাকে কাজের প্রশংসা করে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন। তিনি বলেন, “ভাবিনি সেটাই শেষ কথা হবে। তুমি সত্যিই একজন ভালো মানুষ ছিলে।”

কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী আবেগঘন পোস্টে জানান, কারিনার মৃত্যুসংবাদ শুনে তিনি ভেঙে পড়েছেন।

অন্যদিকে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী কারিনার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লেখেন, “আবার দেখা হবে অন্য এক ভুবনে, যেখানে মানুষের অসুস্থতা নিয়ে কেউ আনন্দ করে না।”

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ও প্রাণবন্ত উপস্থিতির কারণে তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ ছিলেন কারিনা কায়সার। তার মৃত্যুতে ভক্তদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।