প্রশাসনের নির্ধারিত আম ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার থেকে বাজারে উঠেছে সাতক্ষীরার জনপ্রিয় হিমসাগর আম। জেলার বিভিন্ন বাগানে শুরু হয়েছে আম সংগ্রহ ও বাজারজাত কার্যক্রম। একইসঙ্গে বিদেশেও রপ্তানি শুরু হয়েছে এ মৌসুমের প্রথম চালান।
সাতক্ষীরা শহরের কুকরালী এলাকার আমচাষি হাফিজুল ইসলাম খোকা জানান, তার বাগান থেকে চার টন হিমসাগর আম ইংল্যান্ড ও ইতালিতে রপ্তানি করা হচ্ছে। তিনি প্রতি মণ আম প্রায় তিন হাজার টাকায় বিক্রি করেছেন।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, হিমসাগর আম এখন পুরোপুরি পরিপক্ব হওয়ায় আজ থেকে চাষিরা বাজারজাত করতে পারবেন। তিনি জানান, আগামী ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহ ও বিক্রি শুরু হবে।
এর আগে গত ৫ মে গোবিন্দভোগ ও গোপালভোগ আম সংগ্রহের মাধ্যমে জেলার আম মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় প্রায় ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত ১০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির আশা করা হচ্ছে।
এদিকে শহরের সুলতানপুর বাজারে দেখা গেছে, আকার ও মানভেদে প্রতি মণ হিমসাগর আম ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর আমের দাম কিছুটা কম। বাজারে সরবরাহ বেশি থাকলেও ক্রেতার উপস্থিতি এখনও তুলনামূলক কম।