রাজধানীর কড়াইল এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারে ‘শিশু স্বর্গ মডেল’ শীর্ষক একটি বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠান শুরুর আগে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আয়োজিত বিভিন্ন শিক্ষাসামগ্রী, পুনর্বাসন সহায়ক উপকরণ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি প্রতিবন্ধী শিশুদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মূলধারার উন্নয়নে অন্তর্ভুক্ত করতে সরকার স্বাস্থ্য, শিক্ষা ও পুনর্বাসন খাতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শুধু চিকিৎসা নয়, মানসিক বিকাশ, শিক্ষা সহায়তা এবং সামাজিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করাও জরুরি। তারা দীর্ঘমেয়াদি ও টেকসই পুনর্বাসন ব্যবস্থার ওপর গুরুত্ব দেন।
সেমিনারে বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদিরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর ও মানবিক রূপ পাবে।