সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। টানটান উত্তেজনার এই ফাইনালে কলারোয়া উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা পৌরসভা দল।
খেলার শুরু থেকেই সাতক্ষীরা পৌরসভা আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে দর্শকদের মাতিয়ে রাখে। প্রথমার্ধ থেকেই বল দখলে রেখে কলারোয়ার রক্ষণভাগকে চাপে রাখে তারা। সুসংগঠিত আক্রমণ আর নিখুঁত ফিনিশিংয়ের সুবাদে নির্ধারিত সময়ে ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পৌরসভা দল। মাঠজুড়ে সমর্থকদের উল্লাস আর খেলোয়াড়দের শৈল্পিক নৈপুণ্য ফাইনালটিকে প্রাণবন্ত করে তোলে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী এম নূর আহম্মদ, স্টোর কিপার মীর নাসির আলী, প্রধান সহকারী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রবিউল আলম লাল্টু।
সাতক্ষীরা পৌরসভার এই সাফল্যের নেপথ্যে ছিল সুপরিকল্পিত ব্যবস্থাপনা। দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা। খেলোয়াড়দের মাঠের কৌশলে দক্ষ করে তোলেন কোচ লিয়াকাত হোসেন অরুণ এবং তাকে যোগ্য সহায়তা প্রদান করেন সহকারী কোচ সিরাজ উদ্দিন খান।