উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় ২০২৬ সালের আম সংগ্রহ ও বাজারজাতকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসনের নির্ধারিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’ অনুযায়ী সকাল ১০টায় সদর উপজেলার ফিংড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি আমবাগানে এ কার্যক্রম শুরু হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্তের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আমচাষিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের প্রথম দিনেই গোপালভোগ, গোবিন্দভোগ ও গোলাপখাসসহ বিভিন্ন স্থানীয় জাতের পরিপক্ব আম সংগ্রহ শুরু হয়েছে। এসব আম ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের জন্য পাঠানো হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন নিশ্চিত করতে হবে। অতিরিক্ত লাভের আশায় অপরিপক্ব আমে রাসায়নিক প্রয়োগ থেকে বিরত থাকতে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথাও জানানো হয়।

কৃষি বিভাগ জানিয়েছে, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর জেলায় আমের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানির লক্ষ্যে আম প্রক্রিয়াজাতের প্রস্তুতিও নেওয়া হয়েছে।