আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা কাটাতে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে তেহরান।
বৃহস্পতিবার ইরানের এক কূটনৈতিক সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত রয়েছে, যা পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলছে।
নতুন প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে কূটনৈতিক মহলের ধারণা, এতে সংঘাত নিরসন ও আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এর আগে পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল ইরান। সেই প্রস্তাবে পারমাণবিক ইস্যু সাময়িকভাবে স্থগিত রেখে হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং চলমান সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন।
ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, ইরান পারমাণবিক চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত দেশটির ওপর আরোপিত নৌ-অবরোধ ও চাপ অব্যাহত থাকবে।
বিশ্লেষকদের মতে, নতুন প্রস্তাব কূটনৈতিক অচলাবস্থা ভাঙার একটি প্রচেষ্টা হলেও পারস্পরিক অবিশ্বাসের কারণে সমাধান এখনো অনিশ্চিত রয়ে গেছে।
