চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে ইরানের পক্ষ থেকে নতুন প্রস্তাব দেওয়া হলেও তাতে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফলে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান চুক্তিতে আগ্রহী হলেও প্রস্তাবের কিছু শর্ত তার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি মন্তব্য করেন, “তারা এমন কিছু বিষয় চাইছে, যা আমি মেনে নিতে পারি না। এখন দেখা যাক শেষ পর্যন্ত কী ঘটে।”

Advertisement

প্রেসিডেন্ট আরও জানান, পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদলের নির্ধারিত সফর বাতিল হলেও দুই পক্ষের মধ্যে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি; বরং ফোনে আলোচনা অব্যাহত রয়েছে। তবে ইরানের নেতৃত্বকে ‘বিভক্ত’ ও ‘অগোছালো’ উল্লেখ করে তিনি বলেন, অভ্যন্তরীণ সমন্বয়ের অভাব আলোচনাকে জটিল করে তুলছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে তেহরান। বৃহস্পতিবার এ প্রস্তাবের খসড়া ইসলামাবাদের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে ইরান একটি অ-পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছিল, যেখানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তীতে করার কথা বলা হয়। তবে সে প্রস্তাবও প্রত্যাখ্যান করেন ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, পারস্পরিক অনাস্থা ও শর্তের অমিলের কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধান এখনো অনিশ্চিত রয়ে গেছে। সূত্র: এপি