ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক ফলাফল ও গণনার ধারাবাহিকতায় দলটি রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর তথ্য অনুযায়ী, ২৯৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। সেখানে বিজেপি ইতোমধ্যে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করে ১৫৬টি আসনে জয় নিশ্চিত করেছে এবং আরও বহু আসনে এগিয়ে রয়েছে।

Advertisement

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) বড় ধাক্কা খেয়েছে। দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ আসন ভবানীপুরে পরাজিত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এদিকে ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছে তৃণমূল। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, শতাধিক আসনে অনিয়ম হয়েছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফলাফলের প্রতিক্রিয়ায় বলেন, এই নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গে পরিবর্তনের সূচনা হয়েছে। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এটিকে ‘নতুন সূর্যোদয়’ হিসেবে আখ্যা দেন।

বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ফলাফল একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিনের আঞ্চলিক রাজনৈতিক প্রাধান্যের বাইরে গিয়ে জাতীয় রাজনীতির প্রভাব আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।