ময়মনসিংহের ধোবাউড়ায় ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে তিনটি ঘর। এতে খোলা আকাশের নিচে কাটছে অসহায় পরিবারের দিনযাপন।
উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের তারানগর গ্রামে রবিবার রাতে আকস্মিক ঝড়ের তান্ডবে তাজুল ইসলামের একটি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে তাদের বসতঘরসহ তিনটি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ করে আঘাত হানা প্রবল ঝড়ে ঘরের চাল উড়ে যায় এবং দেয়াল ভেঙে পড়ে। এতে তাজুল ইসলাম, তার বৃদ্ধ মা, স্ত্রী ও চার সন্তান কোন রকমে প্রাণে রক্ষা পেলেও এখন তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
ঝড়ে ঘরের ভেতরে থাকা খাবার, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। ফলে পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
স্থানীয়রা জানান, পরিবারটি বর্তমানে চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে এবং সরকারী সহায়তা না পেলে তাদের দুর্ভোগ আরও বাড়বে।এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ হান্নান জানান, আমরা খবর পেয়ে ইতোমধ্যে শুকনো খাবারের ব্যবস্থা করেছি পরবর্তীতে বরাদ্দ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।