ইরানের সঙ্গে যুদ্ধবিরতি-পরবর্তী কূটনৈতিক অচলাবস্থা নিরসনে নতুন উদ্যোগ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইসলামাবাদ সফরে যাচ্ছেন। হোয়াইট হাউস জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপের পথ খুঁজতেই এই সফর। তবে তেহরান বলছে, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা তাদের নেই।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট শুক্রবার ব্রিফিংয়ে জানান, যুক্তরাষ্ট্র প্রশাসন মনে করছে ইরানের পক্ষ থেকে আলোচনায় ফেরার কিছু ইতিবাচক সংকেত মিলেছে। সে প্রেক্ষাপটে উইটকফ ও কুশনার শনিবার ওয়াশিংটন থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছেন।
লিভিট বলেন, ইরানের অবস্থান ও দাবি-দাওয়া সম্পর্কে সরাসরি ধারণা নিতে এবং সম্ভাব্য সমঝোতার ক্ষেত্র চিহ্নিত করতেই এ সফর। তার ভাষায়, “আমরা বিশ্বাস করি আলোচনায় অগ্রগতির কিছু সুযোগ রয়েছে এবং এই সফর সে সম্ভাবনা যাচাইয়ের অংশ।”
এই সফরের আগের দিনই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী Abbas Araghchi। তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী Ishaq Dar-এর সঙ্গে বৈঠক করেছেন। তবে ইসলামাবাদে পৌঁছেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, আরাগচির সফর দ্বিপক্ষীয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনার কর্মসূচি নেই।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, পাকিস্তান নিজেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি মধ্যস্থতাকারী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। ইসলামাবাদে এর আগে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি না এলেও দুই পক্ষই যোগাযোগের চ্যানেল খোলা রেখেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, “আমরা আশা করছি সফরটি ইতিবাচক ফল দেবে এবং সমঝোতার পথ আরও পরিষ্কার করবে।”
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, “ইসলামাবাদ সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক নির্ধারিত নেই; পাকিস্তানের কাছে ইরানের পর্যবেক্ষণ ও অবস্থান তুলে ধরা হবে।”
উইটকফ-কুশনারের ইসলামাবাদ সফর তাৎক্ষণিক কোনো অগ্রগতির নিশ্চয়তা দিচ্ছে না, কিন্তু এটি স্পষ্ট করছে যে ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষই অন্তত আপাতত কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ করতে চাইছে না। এখন নজর থাকবে পাকিস্তানের মধ্যস্থতা বাস্তব অগ্রগতিতে রূপ নেয় কি না, নাকি ইসলামাবাদের আলোচনাও আগের মতো অনিশ্চয়তায় থেমে যায়।
