পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এমপি মনোনয়ন পেয়ে চমক সৃষ্টি করছেন কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার। তার গ্রামের বাড়ী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামে। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬জনের নাম ঘোষনা করেন। তার মনোনয়ন পাওয়ার খবরে পূর্বধলা ও নেত্রকোণা জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে। পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে বিকেলে আনন্দ মিছিল করতে দেখা গেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।
মানসুরা আক্তারের রাজনৈতিক উত্থান ছাত্র রাজনীতির মাঠ থেকে। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থার কারণে তাঁকে এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন। বিগত আওয়ামী সরকারের পতনের আন্দোলন সংগ্রামেও তিনি ছিলেন প্রথম সারির নেত্রী।
মানসুরা আক্তার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. শাহজাহান মিয়া এবং মাতা আম্বিয়া বেগম। তিনি বর্তমানে পূর্বধলা সদরের গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা।