ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুহাম্মাদুল্লাহকে নববর্ষের সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা প্রদান, হেনস্থা এবং পরবর্তীতে সংঘটিত বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ ঘিরে তারাকান্দায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ তারাকান্দা বাজার এলাকায় চৌধুরী ফিলিং স্টেশন থেকে শুরু হয়ে বাজার পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ খেলাফত মজলিসসহ ১১-দলীয় জোটের শরিক সংগঠনগুলো। এতে বিভিন্ন সংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১৪ এপ্রিল নববর্ষের সরকারি অনুষ্ঠানে নির্বাচিত সংসদ সদস্যকে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয় এবং তাকে হেনস্থা করা হয়। তাদের দাবি, পরবর্তীতে ওই ঘটনার প্রতিবাদে আয়োজিত মিছিলে হামলা চালিয়ে ১০ থেকে ১৫ জন নেতাকর্মীকে আহত করা হয়।

বক্তারা আরও বলেন, স্থানীয় বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের অনুসারীরা রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের অভিযোগ, পরাজয়ের ক্ষোভে তিনি নির্বাচিত জনপ্রতিনিধির স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন এবং সহিংস পরিস্থিতি তৈরি করছেন।
সমাবেশে খেলাফত মজলিস কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মতিউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার আমির মোস্তাক আহমেদ ফরাজি, জামায়াতে ইসলামী তারাকান্দা উপজেলা শাখার আমির আব্দুল হান্নান এবং এনসিপি নেতা শহীদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।
তারা বলেন, রাজনৈতিক বিরোধ থাকলেও গণতান্ত্রিক পরিবেশে সহিংসতার কোনো স্থান নেই। একই সঙ্গে তারা দাবি করেন, একজন জনপ্রতিনিধির কার্যক্রমে বাধা সৃষ্টি করা গণতন্ত্রের পরিপন্থি।
অন্যদিকে বক্তারা বিএনপিকে আহ্বান জানিয়ে বলেন, কোনো ব্যক্তির সহিংস কর্মকাণ্ডের দায় দল হিসেবে গ্রহণ করা উচিত নয় এবং রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা জরুরি।