ভর্তুকি মূল্যে সৌরবিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আগামী সেচ মৌসুমে যাতে বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা না হয়, সে জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি।

তিনি বলেন, “ভর্তুকি মূল্যে আমরা সোলার বিদ্যুৎ দিয়ে দিচ্ছি। আগামী সিজনে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গ্যাসক্ষেত্রগুলোতে খননকাজ পরিচালনা করেছে। সেখানে দুটি ইতিবাচক ফল পাওয়া গেছে। এসব ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব হলে নাটোরের শিল্পকারখানাগুলোতেও গ্যাস সরবরাহ করা যাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিংড়ায় গ্যাস অনুসন্ধান করা হবে।

সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক সুমনা আক্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, জেলা পরিষদের প্রশাসক রহিম নাওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ প্রমূখ্।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও সরকারি কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ নির্দেশনা দেন মন্ত্রী। এ সময় নাটোর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভার শেষে মন্ত্রী সিরাজগঞ্জের উদ্দেশ্যে নাটোর ত্যাগ করেন।