ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নির্মাণাধীন ভবনের দেওয়াল ভাঙচুর এবং নারীসহ তিনজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জাইদুল ইসলাম খান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দত্তপাড়া (০২ নং ওয়ার্ড, ঈশ্বরগঞ্জ পৌরসভা) নিবাসী মৃত আহির উদ্দিন খাঁনের ছেলে মো. জাইদুল ইসলাম খানের সাথে একই এলাকার মো. রুহুল আমিন, মো. বাচ্চু মিয়া, মো. বাবুল মিয়াসহ অভিযুক্ত ব্যক্তিদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে শিমরাইল ১নং মোড় এলাকায় বাদীর স্বত্বদখলীয় জমিতে নির্মাণাধীন বিল্ডিংয়ের ইটের দেওয়াল ভেঙে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি সাধন করে।

এ সময় বাদী জাইদুল ইসলাম বাধা দিতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে জখম করে। পরবর্তীতে বাদীর স্ত্রী মোছা. বৃষ্টি আক্তার ও শাশুড়ি মোছা. রোকেয়া খাতুন এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালিয়ে জখম করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে তাড়া করলে বাদী ডাকচিৎকার দিয়ে আত্মরক্ষা করেন। এ সময় স্থানীয় লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।ঘটনার পর আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করে থানায় আসেন।

অভিযুক্ত কয়েকজনের সাথে মোবাইল ফুনে যোগাযোগ করার চেষ্টা করলে তারা ফুন রিসিভ না করে কল কেটে দেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।