নতুন সদস্য সংগ্রহের উদ্দেশ্যে নভেম্বর মাসকে দাওয়াতি মাস হিসেবে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশব্যাপী দাওয়াতি মাস উদ্বোধনের ধারাবাহিকতায় ঝালকাঠিতেও কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত রোববার (১নভেম্বর) বিকেলে ঝালকাঠি পৌর স্টেডিয়ামের গেটে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, “দেশের মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে রাষ্ট্রের সব স্তরে ইসলামী শরিয়াহর আদর্শ বাস্তবায়ন জরুরি। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের মাধ্যমে ঈমানি দায়িত্ব পালন করা দরকার। একই সঙ্গে দেশ ও মানবতার কল্যাণে ইসলামের মহান আদর্শের পক্ষে গণজাগরণ তৈরি করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন দলটির জেলা সেক্রেটারি মো. মনির হোসেন খান, সদর উপজেলা সভাপতি মো. কাওসার মল্লিক, সেক্রেটারি মাওলানা মো. আল আমিনসহ উপজেলা শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতা-কর্মীরা।

দলটিতে কেন সদস্য হওয়া উচিত, সে সংক্রান্ত একটি লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে চরমোনাই পীর সৈয়দ মো. রেজাউল করিম বিভিন্ন বিষয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানান।